ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৫৮
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে রাজধানীতে গত ২৪ ঘণ্টায় ৪৫৮ জন গ্রেপ্তার হয়েছে। এ সময়ে ৬৪টি মামলা হয়েছে।
ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে মঙ্গলবার (৪ আগস্ট) এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গ্রেপ্তারদের মধ্যে রমনা বিভাগে ৩৪ জন, লালবাগ বিভাগে ৩৭ জন, ওয়ারী বিভাগে ৪৯ জন, মতিঝিল বিভাগে ৩৬ জন, তেজগাঁও বিভাগে ৫৭ জন, মিরপুর বিভাগে ১৩৫ জন, গুলশান বিভাগে ৩১ জন, উত্তরা বিভাগে ৭১ জন, গোয়েন্দা বিভাগে ৬ জন এবং সিটিটিসি বিভাগে ২ জন রয়েছে।
অভিযানকালে তাদের কাছ থেকে ১১ কেজি ৯৮০ গ্রাম গাঁজা, ৬ হাজার ৩৩৬ পিস ইয়াবা, ৯০ বোতল ফেন্সিডিল, একটি ওয়ান শাটারগান, একটি সামুরাই, ১৭টি মোবাইল ফোন, ৩০টি খালি চেক বইয়ের পাতা, নগদ ১ হাজার ৮০ টাকা ও ২৮ লাখ জালনোট জব্দ করা হয়।
রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য উদ্ধার এবং তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)