তাহসিফের মৃত্যু : দীপের ৭ দিনের রিমান্ড চাইবে পুলিশ
বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সৌরির মৃত্যুর ঘটনায় তার বাবার করা হত্যা মামলায় জুনিয়র বন্ধু আহমেদ শাহরিয়ার রেজা দীপকে ৭ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করবে পুলিশ।
আজ শনিবার (৩১ অক্টোবর) নৌ পুলিশের তুরাগ ফাঁড়ির ডিইউটি অফিসার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মোস্তাফিজ গণমাধ্যমকে এ তথ্য জানান। তিনি বলেন, উত্তরখান থানায় তার বাবার করা হত্যা মামলায় দীপকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে কিছুক্ষণের মধ্যে আদালতে পাঠানো হবে। এ জন্য প্রয়োজনীয় প্রস্তুতি চলছে।
এএসআই মোস্তাফিজ বলেন, আমরা তাকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে তুলে ৭ দিনের রিমান্ড আবেদন করব।
এর আগে আজ শনিবার সকালে তাহসিফের মৃত্যুর ঘটনায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে হত্যা মামলা করেন তার বাবা কে এম এনায়েতুল করিম।
এ বিষয়ে উত্তরখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিব জানান, তাহসিফের বাবা বাদী হয়ে অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে হত্যা মামলা করেছেন।
নথি থেকে জানা গেছে, গত ২৭ অক্টোবর সন্ধ্যায় রাজধানীর উত্তরার ১৮ নম্বর সেক্টরের বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হন তাহসিফ। পরিবারের সদস্যদের ভাষ্য অনুযায়ী, তার জুনিয়র বন্ধু দীপের ডাকে সাড়া দিয়ে বাসা থেকে বের হয়েছিলেন তিনি। এর আগে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাজউক উত্তরা অ্যাপার্টমেন্ট প্রকল্পের একটি গ্যারেজের সামনে সিসিটিভি ফুটেজে তাহসিফের সঙ্গে দীপকে দেখা যায়। তারা হাত মেলানোর পর আলাদা দুটি মোটরসাইকেলে সেখান থেকে চলে যান।

আদালত প্রতিবেদক