ঝালকাঠির ভাসমান পেয়ারা বাজার দেখে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত
ঝালকাঠির ঐতিহ্যবাহী ভীমরুলীর ভাসমান পেয়ারা বাজার ও পেয়ারা বাগান পরিদর্শন করে মুগ্ধতা প্রকাশ করেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন।
আজ রোববার (৯ আগস্ট) সকালে স্ত্রী মিসেস ডিয়ান ডাওকে সঙ্গে নিয়ে মার্কিন রাষ্ট্রদূত ঝালকাঠির ভীমরুলীর ভাসমান পেয়ারা বাজার ও বাগান ঘুরে দেখেন।
আরও পড়ুন : ভাসমান পেয়ারা বাজার দেখে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত
এ সময় ব্রেন্ট টি ক্রিস্টেনসেন স্থানীয় পেয়ারা চাষি ও বাগান মালিকদের সঙ্গে কথা বলেন। তাদের কাছ থেকে পেয়ারা চাষ, উৎপাদন ও বাজারজাতকরণের বিষয়ে বিভিন্ন তথ্য জানেন মার্কিন রাষ্ট্রদূত।
পরিদর্শন শেষে রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন বলেন, ভীমরুলীর প্রাকৃতিক সৌন্দর্য এবং ঐতিহ্যবাহী ভাসমান পেয়ারা বাজার আমাকে মুগ্ধ করেছে। এখানকার বাজারের কর্মচাঞ্চল্য, কৃষকদের পরিশ্রম এবং উৎপাদিত পেয়ারার গুণগত মানও আমাকে আকৃষ্ট করেছে।
ব্রেন্ট টি ক্রিস্টেনসেন আরও বলেন, ‘যুক্তরাষ্ট্রের উষ্ণ ও ক্রান্তীয় অঞ্চলেও পেয়ারা চাষ হয়ে থাকে। দেশটির ফ্লোরিডা, হাওয়াই ও ক্যালিফোর্নিয়ার কিছু এলাকায় সীমিত পরিসরে পেয়ারা উৎপাদন হয়। বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক বাজারে পেয়ারা রপ্তানির সম্ভাবনা রয়েছে। এ বিষয়ে আমি আমার দেশের সরকার ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করব।’
মার্কিন রাষ্ট্রদূতের সফর উপলক্ষে ভীমরুলী এলাকায় পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পরিদর্শনকালে ঝালকাঠির অতিরিক্ত জেলা প্রশাসক মো. কাওছার হোসেনসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ভীমরুলীর ভাসমান পেয়ারা বাজার বাংলাদেশের দক্ষিণাঞ্চলের অন্যতম ঐতিহ্যবাহী কৃষিভিত্তিক পর্যটনকেন্দ্র। বর্ষা মৌসুমে খাল-বিল ও জলপথে নৌকায় পেয়ারা কেনাবেচার দৃশ্য দেশ-বিদেশের পর্যটকদের আকৃষ্ট করে। মার্কিন রাষ্ট্রদূতের এ পরিদর্শন স্থানীয় পেয়ারা চাষিদের মধ্যে উৎসাহ সৃষ্টি করেছে বলে জানিয়েছেন বাগান মালিকরা।

কে এম সবুজ, ঝালকাঠি
এম এস পলাশ, ঝালকাঠি (সদর-নলছিটি)