মেঘনা নদী থেকে নারী-পুরুষের অর্ধগলিত মরদেহ উদ্ধার
মুন্সীগঞ্জের সীমান্তবর্তী নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার সম্ভুপুরা ইউনিয়নের চর কিশোরগঞ্জ ফেরিঘাটের অদূরে চর-রমজানবেগ এলাকায় মেঘনা নদী থেকে এক নারী ও এক পুরুষের অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে।
আজ রোববার (৯ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে স্থানীয়রা নদীতে মরদেহ দুটি ভাসতে দেখে জাতীয় জরুরি সেবা ‘৯৯৯’-এ খবর দেন। পরবর্তীতে গজারিয়া থানা পুলিশ ও নৌপুলিশ উদ্ধার কাজ শুরু করে।
স্থানীয়দের সহায়তায় পুলিশ মরদেহ দুটি ট্রলারে করে নদীর তীরে নিয়ে আসে। তবে এখন পর্যন্ত নিহতদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
নারায়ণগঞ্জ-মুন্সীগঞ্জ অঞ্চলের নৌপুলিশের অতিরিক্ত ডিআইজি মো. আলমগীর হোসেন বলেন, ৯৯৯ এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধারে কাজ শুরু করে। চর-রমজানবেগ এলাকার মেঘনা নদীর কচুরিপানার ভিতর থেকে প্রথমে অজ্ঞাত পুরুষের মরদেহ উদ্ধার করা হয়। পরে সেখান থেকে ৫০ মিটার দূরে কচুরিপানার ভিতর ভাসমান অবস্থায় আরও এক নারীর মরদেহ উদ্ধার করা হয়।

মঈনউদ্দিন সুমন, মুন্সীগঞ্জ