গাজীপুর সাফারি পার্কে রাজু বাহাদুরসহ দুই হাতির মৃত্যু
গাজীপুর সাফারি পার্কে হাতির পারস্পরিক আক্রমণ ও ব্যাকটেরিয়াজনিত রোগে আক্রান্ত হয়ে ‘রাজু বাহাদুর’সহ দুটি হাতির মৃত্যু হয়েছে। আড়াই মাস ধরে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন থাকার পর গত ৭ আগস্ট (শুক্রবার) রাজু বাহাদুর মারা যায়। তার আগের দিন ৬ আগস্ট (বৃহস্পতিবার) ব্যাকটেরিয়ায় আক্রান্ত হয়ে মারা যায় অপর আরেকটি হাতি।
গতকাল বুধবার (১২ আগস্ট) বিষয়টি নিশ্চিত করে সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা তারেক রহমান বলেন, বর্তমানে পার্কে হাতির সংখ্যা দাঁড়িয়েছে ৮টিতে।
ঘটনার বিবরণ থেকে জানা যায়, ২০২৫ সালের জানুয়ারি মাসে নারায়ণগঞ্জের কাঁচপুর এলাকা থেকে ৯ বছর বয়সী রাজু বাহাদুরকে উদ্ধার করে বন অধিদপ্তরের বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট এবং তাকে এই সাফারি পার্কে নিয়ে আসা হয়। চলতি বছরের ২৪ মে পার্কের হাতিশালায় শেকলে বাঁধা থাকা অবস্থায় রাজু বাহাদুরের ওপর ‘জয়িতা’ নামের ৪ বছর বয়সী অপর একটি হাতি হামলা চালায়। এতে রাজু বাহাদুর মাটিতে পড়ে যায় এবং তার একটি পা ভেঙে যায়। তাকে তুলতে ক্রেন ব্যবহার করতে হয় এবং চিকিৎসায় আন্তর্জাতিক যোগাযোগ স্থাপন করা হয়। থাইল্যান্ড ও শ্রীলঙ্কার বিশেষজ্ঞ চিকিৎসক এবং দেশের অভিজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে একাধিক মেডিকেল বোর্ড গঠন করে দীর্ঘ চিকিৎসা দেওয়া হলেও শেষ রক্ষা হয়নি।
অন্যদিকে, ব্যাকটেরিয়ায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন থাকা অবস্থায় ৬ আগস্ট অন্য হাতিটির মৃত্যু হয়। দুটি হাতির মৃত্যুর পর তাদের দেহের প্রয়োজনীয় নমুনা পরীক্ষা-নিরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়েছে এবং কর্তৃপক্ষের অনুমতি নিয়ে পার্কের ভেতরেই মরদেহ দুটি মাটিচাপা দেওয়া হয়েছে।
এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম বলেন, পার্ক কর্তৃপক্ষের পক্ষ থেকে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

আব্দুর রউফ, গাজীপুর (শ্রীপুর)