স্বাক্ষর জাল করে ভুয়া নিয়োগপত্র, বেতনও দিত প্রতারক চক্র
ভূমি মন্ত্রণালয়ের উপসচিবের সিল-স্বাক্ষর জাল ও ভুয়া নিয়োগপত্র প্রদান করে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়া চক্রের মূলহোতাকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের ওয়ারী বিভাগ।
গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম মো. বাবলু কাজী (৬০)। শুক্রবার (১৪ আগস্ট) ঢাকা মহানগরের পল্লবী থানাধীন মিরপুর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
আজ শনিবার (১৫ আগস্ট) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার নিয়াজ মেহেদী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
পুলিশ জানায়, বাবলু কাজী ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরে নিজেদের সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা পরিচয় দিয়ে ভুক্তভোগীদের সঙ্গে প্রতারণা করে আসছিল। প্রতারণার শিকার ফরিদপুরের নগরকান্দা এলাকার মো. সবুজ সরকার নামের এক ব্যক্তির কাছ থেকে চাকরির ভুয়া আশ্বাস দিয়ে এই চক্রটি ১৩ লাখ টাকা হাতিয়ে নেয়। গ্রেপ্তারের সময় বাবলু কাজীর কাছ থেকে বাংলাদেশ সরকারের সিলযুক্ত ও জাল স্বাক্ষরিত ভুয়া নিয়োগ আদেশ, যোগদানপত্র, প্রজ্ঞাপন এবং নকল হাজিরা খাতা উদ্ধার করা হয়েছে।
ডিবি সূত্রে জানা গেছে, চক্রটি মূলত সরকারি অফিসগুলোতে অবাধে বিচরণ করত এবং ভুক্তভোগীদের বিশ্বাস অর্জনে পরীক্ষা ছাড়াই চাকরি পাইয়ে দেওয়ার চুক্তি করত। তারা বলত ‘চাকরিতে যোগদানের পর টাকা দিলেই হবে’। ভুয়া নিয়োগপত্র হাতে দেওয়ার পর ভুক্তভোগীদের নকল হাজিরা খাতায় সই করাত এবং বিশ্বাসযোগ্যতা বাড়াতে প্রথম ১-২ মাস নিজেদের পকেট থেকে ‘বেতন’ হিসেবে কিছু টাকাও দিত। এরপর মূল টাকা হাতিয়ে নিয়ে ফোন বন্ধ করে গা ঢাকা দিত চক্রটি।
এ ঘটনায় রাজধানীর পল্লবী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। চক্রের সঙ্গে জড়িত অন্য সদস্যদের গ্রেপ্তারে গোয়েন্দা অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এনটিভি অনলাইন ডেস্ক