নিখোঁজের চার দিন পর দিনমজুরের মরদেহ উদ্ধার
ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার কুশনা ইউনিয়নের হরিণদিয়া গ্রামে নিখোঁজের চার দিন পর মফিজুল ইসলাম (৪০) নামের এক দিনমজুরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার (২০ আগস্ট) সকালে হরিণদিয়া গ্রামের ঝামাঘাটা পাড়ার একটি পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত মফিজুল ইসলাম ওই গ্রামের মৃত মসলেম উদ্দিনের ছেলে।
স্থানীয়রা জানান, মফিজুল ইসলাম চার দিন আগে বাড়ি থেকে বের হন। এরপর থেকেই নিখোঁজ ছিলেন তিনি। বৃহস্পতিবার সকালে বাড়ি থেকে প্রায় ২০০ গজ দূরের একটি পুকুরে তার মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেন এলাকাবাসী। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায়।
কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজাদ রহমান বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। মফিজুল ইসলাম মৃগী রোগে আক্রান্ত ছিলেন বলে তার পরিবার দাবি করছে। তিনি প্রতিবন্ধী ভাতা পেতেন।

মনজুরুল আহসান, ঝিনাইদহ (সদর-কালীগঞ্জ-কোটচাঁদপুর)