সাবেক মন্ত্রী ফরহাদের স্ত্রী রিমান্ডে
রাজধানীর নিউমার্কেট থানার আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় গ্রেপ্তার সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনের স্ত্রী ও যুব মহিলা লীগের কেন্দ্রীয় সহসভাপতি সৈয়দ মোনালিসা ইসলামের তিন দিন রিমান্ডে নিতে আদেশ দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার (২০ অগাস্ট) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মুহাম্মদ জোনাইদ এই আদেশ দেন।
ঢাকার সিএমএম আদালতে মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের রমনা জোনাল টিমের পরিদর্শক আমজাদ হোসেন তালুকদার আসামিকে হাজির করে সাত দিন রিমান্ড আবেদন করেন।
নথি থেকে জানা গেছে-২০২৪ সালের ১৯ জুলাই বিকেলে নিউমার্কেট থানাধীন নীলক্ষেত এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গুলিতে ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ নিহত হন। ঘটনার পর নিহতের শ্যালক আব্দুর রব বাদী হয়ে ওই বছরের ২১ আগস্ট নিউমার্কেট থানায় হত্যা মামলা করেন। মামলায় শেখ হাসিনা ও ওবায়দুল কাদেরসহ মোট ১৩০ জনকে আসামি করা হয়।
গত বছরের ১৬ ফেব্রুয়ারি গভীর রাতে ঢাকার ইস্কাটন রোডের একটি বাড়ি থেকে মোনালিসা ইসলামকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর থেকে তিনি কারাগারে আটক আছেন।

আদালত প্রতিবেদক