বিড়াল মারা যাওয়ায় ভেটেরিনারি চিকিৎসকে মারধরের ঘটনায় তরুণী গ্রেপ্তার
ময়মনসিংহে পোষা বিড়ালের মৃত্যুকে কেন্দ্র করে পশু চিকিৎসক ডা. মো. আশিকুর রহমানের ওপর হামলার ঘটনায় আফরিন রশিদ সেজুতি (২০) নামে এক তরুণীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (২৩ আগস্ট) সকালে ময়মনসিংহ নগরের আকুয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে কোতোয়ালী মডেল থানা-পুলিশ। গ্রেপ্তার সেজুতি নগরের মাসকান্দা নতুন বাজার রোড এলাকার বাসিন্দা ও ডা. হারুন অর রশিদের মেয়ে।
পুলিশ সূত্রে জানা যায়, শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘পোষা বিড়াল মারা যাওয়ায় ময়মনসিংহে পশু চিকিৎসকের ওপর হামলা’ শিরোনামের একটি ভিডিও দ্রুত ছড়িয়ে পড়ে। বিষয়টি জেলা পুলিশের নজরে এলে তথ্যপ্রযুক্তির সহায়তা ও স্থানীয়ভাবে অনুসন্ধানের মাধ্যমে হামলাকারী তরুণীকে শনাক্ত করে গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় আহত পশু চিকিৎসক ডা. মো. আশিকুর রহমান বাদী হয়ে কোতোয়ালী মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন। ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. আবদুল্লাহ আল-মামুন জানান, ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং এতে জড়িত অন্যদের গ্রেপ্তারেও পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)