ফটো সাংবাদিক খালেদ হায়দারের জানাজা সম্পন্ন
ফটো সাংবাদিক খালেদ হায়দারের প্রথম জানাজা উত্তরায় এবং দ্বিতীয় জানাজা জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গণে আজ সোমবার বাদ আসর অনুষ্ঠিত হয়েছে।
গতকাল রোববার (২৩ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর মৃত্যুতে দেশের গণমাধ্যম অঙ্গনে এবং সাংবাদিক মহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
আজ বাদ জোহর উত্তরা ১৩ নম্বর সেক্টরের গাউছুল আজম মসজিদে মরহুমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।এরপর আজ বাদ আসর জাতীয় প্রেস ক্লাবে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। জাতীয় প্রেস ক্লাবে দ্বিতীয় জানাজা শেষে আজিমপুর কবরস্থানে তাঁকে চিরনিদ্রায় শায়িত করা হবে।
এর আগে জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গণে ফটো সাংবাদিক খালেদ হায়দারের মরদেহ পৌঁছালে এক আবেগঘন পরিবেশ তৈরি হয়। এ সময় তার সহকর্মীরা অশ্রুসিক্ত হয়ে পড়েন। তার স্মৃতির প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানান সাংবাদিক নেতৃবৃন্দ ও সহকর্মীরা। এ সময় শ্রদ্ধা জানান বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ।

এনটিভি অনলাইন ডেস্ক