পুলিশকে থাপ্পড় দেওয়া সেই ছাত্রদলনেতা নয়ন গ্রেপ্তার
মাগুরায় এক পুলিশ সদস্যকে থাপ্পড় মারার অভিযোগে ভায়না মাইক্রোবাস মালিক সমিতির সভাপতি ও মাগুরা সদর থানা ছাত্রদলের সাবেক সভাপতি নাঈমুজ্জামান নয়নকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার বিকেলে শহরের প্রাণকেন্দ্রে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পুলিশ সদস্য মো. ইমরান হোসেনকে শারীরিকভাবে লাঞ্ছিত করার ঘটনা ঘটে। পরবর্তীতে ওই থাপ্পড়ের একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ার পাশাপাশি বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে বিষয়টি নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
মাগুরার পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন বলেন, পুলিশ সদস্যকে থাপ্পড় দেওয়ার ঘটনায় নাঈমুজ্জামান নয়নসহ মোট ৩ জনের বিরুদ্ধে মাগুরা সদর থানায় একটি মামলা করা হয়েছে। অভিযুক্ত নয়নকে গ্রেপ্তারের মাধ্যমে পুলিশ বাহিনীর সদস্যদের মাঝে স্বস্তি ফিরে এসেছে।
পুলিশ জানায়, ইতোপূর্বে নয়নের বিরুদ্ধে মাদক, অস্ত্র ও মাইক্রোবাস ছিনতাইসহ একাধিক গুরুতর অভিযোগ ও মামলা রয়েছে। এছাড়া সম্প্রতি মাগুরার পিটিআই পাড়ায় এক মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের ভুয়া ‘মব’ সৃষ্টি করে এক লাখ টাকা চাঁদা আদায়ের অভিযোগও উঠে এসেছে তার বিরুদ্ধে।
নয়নের বড় ভাই যুবদল নেতা আব্বাস উদ্দিন বলেন, শুক্রবার রাতে পুলিশ প্রশাসনের সাথে ঘটে যাওয়া ভুল বোঝাবুঝি স্থানীয় বিএনপি নেতাদের মধ্যস্থতায় থানাতেই মীমাংসা করা হয়েছিল। তবে শনিবার দুপুরে পুলিশ নয়নকে পুনরায় ডেকে এনে দিনভর থানায় বসিয়ে রাখে এবং সন্ধ্যায় গ্রেপ্তার দেখায়।

শফিকুল ইসলাম শফিক, মাগুরা