মাদক-স্মার্টফোন আসক্তিকে ‘লাল কার্ড’ দেখাল শিক্ষার্থীরা
খাগড়াছড়িতে মাদক, কিশোর অপরাধ ও স্মার্টফোনের অপব্যবহারের বিরুদ্ধে সচেতনতা তৈরিতে ব্যতিক্রমী কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা। আজ রোববার (৩০ আগস্ট) জেলা শহরের ঠাকুরছড়া উচ্চ বিদ্যালয়ের হলরুমে স্বেচ্ছাসেবী সংগঠন লাল সবুজ উন্নয়ন সংঘের উদ্যোগে এই মতবিনিময় সভা, আলোচনা ও শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।
লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রোজিনা আক্তার। উপস্থিত বক্তারা শিক্ষার্থীদের মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে থেকে স্মার্টফোনের সঠিক ব্যবহার, নৈতিকতা ও শৃঙ্খলা বজায় রেখে চলার আহ্বান জানান।
পরে অতিরিক্ত জেলা প্রশাসক উপস্থিত শিক্ষার্থীদের উন্নত চরিত্র গঠন, মাদক ও অপরাধ থেকে দূরে থাকা এবং প্রযুক্তির অপব্যবহার না করার শপথ পাঠ করান। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কায় কিসলু, ঠাকুরছড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কার্ণিজি চাকমা, সিনিয়র সাংবাদিক আবু তাহের, সংগঠনের উপদেষ্টা ডা. মো. রবিউল পাটোয়ারী রবি, কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ডা. আশরাফ উদ্দিন নিলয় ও সদস্য সাদমান তাসিন।
সংগঠনের সভাপতি কাওসার আলম সোহেল বলেন, শিক্ষার্থীদের টিফিনের টাকা সাশ্রয় করে পরিচালিত লাল সবুজ উন্নয়ন সংঘ বিগত ১৫ বছর ধরে দেশের ৬৪ জেলায় সচেতনতামূলক কাজ করে আসছে। বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত এই সংগঠনটি এ পর্যন্ত প্রায় ৪৫ লাখ শিক্ষার্থীকে উদ্বুদ্ধ করেছে। খাগড়াছড়ির এই আয়োজনটি ছিল সংগঠনটির ১ হাজার ৯৪৪ তম কর্মসূচি।

আবু তাহের মুহাম্মদ, খাগড়াছড়ি