পিরোজপুরে ২২০ কেজি হরিণের মাংসসহ আটক ২
পিরোজপুরের নেছারাবাদে প্রায় ২২০ কেজি হরিণের মাংসসহ দুই ব্যক্তিকে আটক করেছে নৌপুলিশ। গতকাল সোমবার (৩১ আগস্ট) দুপুরে উপজেলার ভরতকাঠি বেলুয়ানদীতে দৈহারী নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. নিয়াজ মোর্শেদের নেতৃত্বে একটি কাঠবডির ট্রলারে অভিযান চালিয়ে এই বিপুল পরিমাণ মাংস উদ্ধারসহ তাদের আটক করা হয়।
আটকরা হলেন- বরগুনার পাথরঘাটা উপজেলার খাসতবক গ্রামের বাসিন্দা মো. খলিল (৪১) ও একই উপজেলার তাফালবাড়িয়া গ্রামের বাসিন্দা বাবুল ফরাজি (৪২)।
নৌপুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বেলুয়া নদীর ভরতকাঠি খেয়াঘাট এলাকায় অভিযান চালিয়ে ট্রলারে তল্লাশি চালানো হয়। তল্লাশিকালে প্রায় ২২০ কেজি হরিণের মাংস পাওয়া গেলে মাংস বহনে জড়িত থাকার অভিযোগে খলিল ও বাবুলকে আটক করা হয়।
অভিযোগ রয়েছে, বরগুনার পাথরঘাটা এলাকা থেকে বিভিন্ন নৌপথে নেছারাবাদে দীর্ঘদিন ধরে অবৈধভাবে হরিণের মাংস আনা হচ্ছে। কাঠ, গোলপাতা এমনকি মাছ ধরার ট্রলারে করে এসব মাংস এনে নেছারাবাদের চোরাকারবারিদের কাছে পৌঁছে দেওয়া হয়। প্রশাসনের অভিযানে মাঝে মাঝে অপরাধীরা ধরা পড়লেও অবৈধ এই বাণিজ্য পুরোপুরি বন্ধ হয়নি। অনেক সময় পচা মাংস বাজারজাতকরণ এবং হরিণের মাংসের সঙ্গে শিয়ালের মাংস মিশিয়ে বিক্রি করার অভিযোগও তুলেছেন স্থানীয়রা।
নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, খবর পেয়ে পুলিশ ও নৌপুলিশের দল মাছ ধরার ট্রলারে তল্লাশি চালিয়ে ২২০ কেজি হরিণের মাংসসহ দুজনকে আটক করে। আটকদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। আজ (মঙ্গলবার) তাদের আদালতে পাঠানো হবে।

রশিদ আল মুনান, পিরোজপুর