ঠাকুরগাঁওয়ে লোকায়ন জাদুঘর পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত
ঠাকুরগাঁওয়ে অবস্থিত লোকায়ন জীবন বৈচিত্র্য জাদুঘর পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে স্ত্রী ডিয়ান ডাওকে সঙ্গে নিয়ে ঠাকুরগাঁও সদর উপজেলার আক্চা ইউনিয়নে অবস্থিত জাদুঘরটি ঘুরে দেখেন তিনি।
পরিদর্শনকালে মার্কিন রাষ্ট্রদূত ও তার স্ত্রী জাদুঘরের তৃণমূল লোকজ, সমতলের ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, নদী, মুক্তিযুদ্ধ, কৃষি-মৎস্য-প্রাণিসম্পদ, পুতুল ও খেলনা, বাদ্যযন্ত্র, বিজ্ঞান এবং বৃক্ষ গ্যালারি ঘুরে সংরক্ষিত ঐতিহাসিক ও সাংস্কৃতিক নিদর্শনগুলো পর্যবেক্ষণ করেন।
পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বলেন, ঠাকুরগাঁওয়ে চমৎকার আতিথেয়তা ও স্থানীয় ঐতিহ্যবাহী খাবার উপভোগ করার পাশাপাশি এখানকার সমৃদ্ধ লোকজ সংস্কৃতি দেখার অভিজ্ঞতা দারুণ। বাংলাদেশের নতুন নতুন অঞ্চল ও বৈচিত্র্যময় সংস্কৃতি সম্পর্কে অভিজ্ঞতা লাভ করা সত্যিই আনন্দের বিষয়। সফরে এর আগে সোমবার বালিয়াডাঙ্গী উপজেলায় অবস্থিত দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ সূর্যপুরী আমগাছ ও বিশাল চা বাগান দেখার কথা উল্লেখ করে তিনি সন্তোষ প্রকাশ করেন।
পরিদর্শনকালে লোকায়ন জীবন বৈচিত্র্য জাদুঘরের পরিচালক ও ইএসডিও’র নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীদ উজ জামান, জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমীন এবং উপজেলা প্রশাসনের কর্মকর্তাসহ অন্যান্য আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

লুৎফর রহমান মিঠু, ঠাকুরগাঁও
মো. আব্দুল্লাহ, ঠাকুরগাঁও (সদর-বালিয়াডাঙ্গী)