ঠাকুরগাঁও উপনির্বাচনে ভোটার উপস্থিতি কম
ঠাকুরগাঁও-১ আসনের উপ-নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে আজ বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ৮টা থেকে। এই ভোটগ্রহণ বিরতিহীনভাবে চলবে বিকেল ৪টা পর্যন্ত। সকালে কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি কিছুটা কম দেখা গেলেও সময় বাড়ার সাথে সাথে ভোটারদের সংখ্যা বাড়বে বলে আশা করা হচ্ছে।
নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, এ আসনের ১৮৫টি ভোটকেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরু হয়েছে। এর মধ্যে ঠাকুরগাঁও সদর উপজেলায় ১১৩টি, রুহিয়া উপজেলায় ৩৩টি এবং ভুল্লী উপজেলায় ৩৯টি ভোটকেন্দ্র রয়েছে। এ সংসদীয় আসনে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ১৬ হাজার ১৩৮ জন।
নির্বাচন ঘিরে কেন্দ্রগুলোতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। প্রতিটি কেন্দ্রে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ, বিজিবি, এসআরবি ও আনসার সদস্যরা দায়িত্ব পালন করছেন।
এ উপ-নির্বাচনে মোট পাঁচজন প্রার্থী চূড়ান্তভাবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন ধানের শীষ প্রতীক নিয়ে লড়ছেন। অন্যদিকে, ১১ দলীয় জোটের প্রার্থী জামায়াতে ইসলামীর দেলাওয়ার হোসেন লড়ছেন দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে। এ ছাড়া বাংলাদেশ খেলাফত আন্দোলনের প্রার্থী মো. আব্দুল আলিম নিজামী বটগাছ, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো. খাদেমুল ইসলাম হাতপাখা ও বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী হোসাইন মোহাম্মদ ওমর ফারুক ডাক প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

মো. আব্দুল্লাহ, ঠাকুরগাঁও (সদর-বালিয়াডাঙ্গী)