নির্বাচনি সব প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হবে : বিমান পরিবহণ ও পর্যটনমন্ত্রী
নির্বাচনে দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন বাংলাদেশ সরকারের বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত। তিনি জানান, নির্বাচনী ওয়াদাগুলো বাস্তবায়িত হলে এলাকার সর্বস্তরের মানুষ সুখে-শান্তিতে বসবাস করতে পারবেন। শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেলে জামালপুরের দেওয়ানগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে উপজেলা বিএনপি আয়োজিত দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নিজের নির্বাচনি এলাকার উন্নয়ন পরিকল্পনা তুলে ধরে পর্যটনমন্ত্রী বলেন, তার অঞ্চলের কোনো শিক্ষা প্রতিষ্ঠানের ভবন কাঁচা থাকবে না এবং সব কাঁচা রাস্তা পর্যায়ক্রমে পাকা করা হবে। প্রয়োজনীয় স্থানে নতুন সেতু নির্মাণ, টেকসই নদীশাসন, খাল খনন ও ব্যাপক বৃক্ষরোপণের পাশাপাশি সুবিধাভোগীদের জন্য ফ্যামিলি কার্ড চালু করা হবে। এর পাশাপাশি বকশীগঞ্জে নতুন শিল্প-কারখানা স্থাপন, বাহাদুরাবাদ-বালাসী সেতু নির্মাণ, মাদক নির্মূল, ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড নিশ্চিতকরণ, খেলাধুলার জন্য ইউনিয়নভিত্তিক খেলার মাঠ তৈরি, নতুন ট্রেন চালু, ইউনিয়নভিত্তিক মুয়াজ্জিন ও খতিবদের ভাতার ব্যবস্থা এবং সারের ডিলার নিয়োগের উদ্যোগ নেওয়া হবে। এ ছাড়া শিক্ষিত বেকার যুবকদের সম্পূর্ণ বিনা খরচে প্রশিক্ষণ দিয়ে বিদেশে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির প্রতিশ্রুতিও দেন তিনি।
সমাবেশে উপস্থিত জনতার উদ্দেশে এম. রশিদুজ্জামান মিল্লাত বলেন, “আমরা তারেক রহমানের নেতৃত্বে একটি নতুন ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চাই। দীর্ঘদিনের অচলাবস্থা কাটিয়ে নতুন বাংলাদেশকে সুদৃঢ় ভিত্তির ওপর দাঁড় করাতে সবাইকে খানিকটা ধৈর্য ধরতে হবে। অন্তত ছয় মাস থেকে এক বছর সময় দিলে দেশ পরিবর্তনের সুফল সবার ঘরে পৌঁছে দেওয়া সম্ভব হবে।” উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত এই জনসভায় দেওয়ানগঞ্জের প্রতিটি ইউনিয়ন থেকে বিপুলসংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ খণ্ড খণ্ড মিছিল নিয়ে অংশগ্রহণ করেন।

এহসানুল মাহবুব, জামালপুর (বকশীগঞ্জ-দেওয়ানগঞ্জ-ইসলামপুর)