‘মৃত্যু ছাড়া আমাকে নির্বাচন থেকে সরানো যাবে না’ বলার কয়েক ঘণ্টা পরেই মৃত্যু
চেয়ারম্যান পদে নির্বাচন করার ঘোষণা দিয়ে দিনভর গণসংযোগ এবং ‘আমার মৃত্যু ছাড়া কেউ আমাকে নির্বাচন থেকে সরাতে পারবে না’ -নেতাকর্মীদের উদ্দেশ্যে এমন দৃঢ় বক্তব্য দেওয়ার মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে না ফেরার দেশে চলে গেছেন কুমিল্লার চান্দিনা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম খোকন।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল সোমবার (৭ সেপ্টেম্বর) নিজ ইউনিয়ন শুহিলপুরে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার লক্ষ্যে হাজারো নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে দিনভর গণসংযোগ করেন খোকন। গণসংযোগকালে খোকন শেষ পর্যন্ত নির্বাচনে বহাল থাকবেন কি না- এমন গুঞ্জনের মুখে তিনি প্রার্থিতার বিষয়ে অনড় অবস্থান পুনর্ব্যক্ত করে বলেন, কেবল মৃত্যু ছাড়া আর কোনো কিছুই তাকে নির্বাচন থেকে সরাতে পারবে না।
গণসংযোগ শেষে রাত ৯টার দিকে বাড়ি ফেরেন সাইফুল ইসলাম খোকন। এরপর রাত ১২টার দিকে হঠাৎ শারীরিক অসুস্থতা ও বুকে তীব্র ব্যথা অনুভব করলে স্বজনরা তাকে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে এবং পরবর্তীতে গৌরীপুর উপজেলা হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গৌরীপুর স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাবিবুর রহমান বলেন, রাত ১টার দিকে তাকে হাসপাতালে আনা হলে চিকিৎসক তাকে মৃত অবস্থায় পান।
কুমিল্লা উত্তর জেলা জাসাসের সাধারণ সম্পাদক এস এম মিজান বিএনপি নেতা খোকনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

মাহফুজ নান্টু, কুমিল্লা