খাগড়াছড়িতে নিখোঁজ ইউপি সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার
খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি উপজেলায় নিখোঁজের তিন দিন পর ইউপি সদস্য রঞ্জন চাকমার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ছবি : এনটিভি
খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি উপজেলায় নিখোঁজের তিন দিন পর এক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেলে ২ নং দুইল্লাছড়ি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য রঞ্জন চাকমার (৪৮) ঝুলন্ত মরদেহ উদ্ধার করে লক্ষীছড়ি থানা পুলিশ।
ঘটনাটি নিশ্চিত করেছেন লক্ষ্মীছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম সোহাগ।
নিহত ইউপি সদস্য রঞ্জন চাকমা একই এলাকার ভারত মোহন চাকমার ছেলে।
পুলিশ জানায়, নিহত ইউপি সদস্য রঞ্জন চাকমা ৩ দিন ধরে নিখোঁজ ছিলেন। পরিবার পক্ষ থেকে নিখোঁজের বিষয়ে থানায় অভিযোগ করার কথা ছিল আজ। এরই মধ্যে বিকেলে তথ্য আসে গাছে ঝুলছে তার মরদেহ। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল করে ময়নাতদন্তের জন্য জেলা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
লক্ষ্মীছড়ি থানার ওসি বলেন, এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।

আবু তাহের মুহাম্মদ, খাগড়াছড়ি