কাভার্ডভ্যান-মাইক্রোবাসের সংঘর্ষে এক নারীসহ নিহত ৪
চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে এক নারীসহ চার জন নিহত হয়েছেন। নিহতরা হলেন- ফেরদৌস আলম (৬২), মোরশেদ আলম (১৮), মিফতা (১৭) ও মাইক্রোবাসচালক মুন্না (৩২)। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচ জন।
শনিবার (১২ সেপ্টেম্বর) দিনগত রাত ১টা ২০ মিনিটের দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে, যাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।
প্রত্যক্ষদর্শীরা জানান, শাহ আমানত সেতু পার হয়ে আসা একটি কাভার্ডভ্যান কলেজ বাজার এলাকায় দ্রুতগতিতে ইউটার্ন নেওয়ার সময় উখিয়া থেকে চট্টগ্রামগামী একটি মাইক্রোবাসের সঙ্গে সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই দুজন মারা যান। পরে হাসপাতালে নেওয়ার পর গাড়িচালকসহ আরও দুজন মারা যান।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে চমেক হাসপাতালে পাঠায়। দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আহমেদ বলেন, দুর্ঘটনার সঠিক কারণ অনুসন্ধানে পুলিশ তদন্ত শুরু করেছে।

আরিচ আহমেদ শাহ, চট্টগ্রাম