রাজধানীতে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত ব্যক্তির মৃত্যু
রাজধানীর খিলক্ষেতের কুড়িল বিশ্বরোড এলাকায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশ জানিয়েছে, নিহত ব্যক্তির পরনে ছিল লাল রঙের গেঞ্জি ও চেক সুতির ট্রাউজার। তার পরিচয় এখনো শনাক্ত করা যায়নি।
জানা যায়, মঙ্গলবার বিকেল সোয়া পাঁচটার দিকে কুড়িল বিশ্বরোড এলাকায় রেললাইনে ট্রেনের ধাক্কায় ওই ব্যক্তি গুরুতর আহত হন। পরে খিলক্ষেত থানার পুলিশ তাকে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যায়। খবর পেয়ে রেলওয়ে থানার পুলিশ রাত ৮টার দিকে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসে। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মরদেহ নিয়ে আসা বিমানবন্দর রেলওয়ে পুলিশ ফাঁড়ির কনস্টেবল সাজবির হোসাইন এসব তথ্য জানান। তিনি বলেন, মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক