থানচির বলিপাড়া বাজারে আগুনে পুড়ল ১৩ দোকান
বান্দরবানের থানচি উপজেলার বলিপাড়া বাজারে আবারও ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) ভোর ৪টার দিকে হঠাৎ আগুন লাগায় বাজারের অন্তত ১৩টি নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে এবং ক্ষতিগ্রস্ত হয়েছে পাশের আরও কয়েকটি দোকান।
আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোররাতে বাজারে দায়িত্বরত চৌকিদার প্রথম একটি দোকানে আগুন জ্বলতে দেখেন। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিস, পুলিশ ও বিজিবির একটি যৌথ দল ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় প্রায় এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
বারবার অগ্নিকাণ্ডের শিকার হয়ে চরম বিপাকে পড়েছেন স্থানীয় ব্যবসায়ীরা। উহ্লাশৈ নামে এক ব্যবসায়ী বলেন, বলিপাড়া বাজারে ২০২০ সালে ১০৯টি, ২০২৩ সালে ৫০টি, ২০২৫ সালে ১৩টি এবং সবশেষ চলতি বছরেও ১৩টি দোকান আগুনে পুড়ে ছাই হয়ে গেল। বারবার এমন ক্ষতির মুখে পড়ে তারা কোনোভাবেই ঘুরে দাঁড়াতে পারছেন না।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী বিন্দু বলেন, রাতে কোনো দোকানেই লোকজন থাকেন না। তবে কোনো একটি দোকানে চালু থাকা ফ্রিজের যান্ত্রিক ত্রুটি বা বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করছেন তিনি।
বলীপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াঅং মারমা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অগ্নিকাণ্ডে ১৩টি দোকানের মালামালসহ আনুমানিক ১ কোটি ৫০ লাখ টাকার বিপুল ক্ষয়ক্ষতি হয়েছে।
থানচি ফায়ার সার্ভিস স্টেশনের প্রধান রহিদুল ইসলাম মৃধা বলেন, প্রাথমিক তদন্তে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগার ধারণা করা হচ্ছে। তবে বিস্তারিত তদন্ত শেষে অগ্নিকাণ্ডের আসল কারণ ও ক্ষতির পরিমাণ জানা যাবে।

আলাউদ্দিন শাহরিয়ার, বান্দরবান