১৫০০ কেজি নিষিদ্ধ কীটনাশক ও ভেজাল সার জব্দ, ব্যবসায়ীর কারাদণ্ড
সাতক্ষীরার তালায় অবৈধ ও নিষিদ্ধ ঘাসমারা কীটনাশক এবং নামীদামি ব্র্যান্ডের প্যাকেট জাল করে নকল সার মজুত ও বাজারজাতকরণের অপরাধে মশিউর রহমান (৪৫) নামের এক ব্যবসায়ীকে এক মাসের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। অনাদায়ে তাকে আরও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
আজ বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে তালা উপজেলার শুভাশিনি লাউতাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে যৌথভাবে এ অভিযান পরিচালনা করে র্যাব-৬ এবং তালা উপজেলা প্রশাসন।
অভিযানে ঘটনাস্থল থেকে আনুমানিক পাঁচ লাখ টাকা মূল্যমানের প্রায় এক হাজার ৫০০ কেজি অবৈধ কেমিক্যাল, নিষিদ্ধ কীটনাশক এবং নকল সারের মজুত জব্দ করে র্যাব-৬ (এসআরবি) সিপিসি-১-এর আভিযানিক দল।
র্যাব-৬ সিপিসি-১-এর কোম্পানি কমান্ডার জায়েন উদ্দিন মোহাম্মদ জিয়াদ জানান, চক্রটি শুভাশিনি এলাকায় দীর্ঘদিন ধরে সুকৌশলে নিষিদ্ধ ‘প্যাঁরা কোয়াড’ ঘাসমারা ওষুধ ও জিংকসহ বিভিন্ন স্বনামধন্য ব্র্যান্ডের নকল মোড়ক তৈরি করে ভেজাল উপাদান বাজারজাত করে আসছিল। অভিযানে কারখানা ও গুদাম থেকে ৬০০ কেজি প্যাঁরা কোয়াড এবং ৮৭০ কেজি জিংক ও অন্যান্য ভেজাল উপকরণ উদ্ধার করা হয়েছে।
অভিযান শেষে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সার ও কীটনাশক আইনে অভিযুক্ত মশিউর রহমানকে এই কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেন তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জান্নাতুল আফরোজ স্বর্ণা। জব্দ করা মালামাল পরবর্তী আইনি নিষ্পত্তির জন্য আইনশৃঙ্খলা বাহিনীর জিম্মায় রাখা হয়েছে।

এস এম জিন্নাহ, সাতক্ষীরা