দেরিতে ছাড়ল বিমানের মদিনাগামী ফ্লাইট, এসি বন্ধে ভোগান্তিতে যাত্রীরা
বাংলাদেশ বিমানের ফ্লাইট বিজি ৩৩৭ আজ বুধবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা ১০ মিনিটে ঢাকা থেকে মদিনার উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা ছিল। তবে নির্ধারিত সময়ের প্রায় ৩৫ মিনিট পর ফ্লাইটটি ঢাকা ছাড়ে। এর আগে উড়োজাহাজের ভেতরে শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা (এসি) বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েন যাত্রীরা। বিশেষ করে বয়স্ক ও শিশুরা বেশি কষ্টে পড়েন বলে অভিযোগ করেছেন একাধিক যাত্রী।
যাত্রীদের ভাষ্য, নির্ধারিত সময়েই তারা উড়োজাহাজে প্রবেশ করেন। তবে দীর্ঘ সময় অপেক্ষা করলেও ফ্লাইটটি ছাড়েনি। এ সময় উড়োজাহাজের ভেতরে এসি বন্ধ থাকায় প্রচণ্ড গরমে অতিষ্ঠ হয়ে পড়েন তারা। অনেকের শ্বাস নিতে কষ্ট হচ্ছিল বলেও জানান যাত্রীরা।
একজন যাত্রী এনটিভি অনলাইনকে বলেন, ‘আমরা সঠিক সময়েই উড়োজাহাজে প্রবেশ করি। কিন্তু ফ্লাইটটি ছাড়তে দেরি হয়। এ সময় উড়োজাহাজে এসি বন্ধ থাকায় শ্বাস নিতে কষ্ট হচ্ছিল। একই সঙ্গে প্রচণ্ড গরমে আমরা অতিষ্ঠ হয়ে পড়ি।’
আরেকজন যাত্রী বলেন, ‘বিমান ছাড়ার নির্ধারিত সময় ছিল সন্ধ্যা ৬টা ১০ মিনিট। কিন্তু আনুমানিক ৬টা ৪৫ মিনিটে বিমানটি ঢাকা ছেড়ে যায়।’
এ বিষয়ে জানতে চাইলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের গ্রাহক সেবা পরিচালক (যুগ্ম সচিব) বদরুল হাসান লিটন এনটিভি অনলাইনকে বলেন, ‘এমনটা তো হওয়ার কথা নয়। আমি যদিও বাইরে আছি, তবে এখনই খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি।’ এ সময় দায়িত্বে থাকা কর্মকর্তার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘মহিদ্দিন সাহেব আছেন। তার সঙ্গে আমি কথা বলছি।’
ঘটনাটি নিয়ে যাত্রীদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়। বিশেষ করে উড়োজাহাজ ছাড়ার আগে দীর্ঘ সময় এসি বন্ধ থাকায় ক্ষোভ প্রকাশ করেন তারা ।

নিজস্ব প্রতিবেদক