সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ঢাকা বারের সাবেক সদস্য কারাগারে
রাজধানীর পল্লবী থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ঢাকা আইনজীবী সমিতির (ঢাকা বার) কার্যনির্বাহী কমিটির সাবেক সদস্য অ্যাডভোকেট আবুল বাশারকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
আজ বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আলম এই আদেশ দেন।
ঢাকার অপরাধ, তথ্য ও প্রসিকিউশন বিভাগের উপ-পরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঢাকার সিএমএম আদালতে আজ সন্ত্রাসীবিরোধী আইনের মামলায় আবুল বাশারকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে আটক রাখার আবেদন করেন পল্লবী থানার উপ-পরিদর্শক( এসআই) সালাহউদ্দিন আল-মামুন।
এর আগে গতকাল বুধবার (১৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টায় পল্লবীর ১২ নম্বর সেকশন এলাকায় লোকজন অ্যাডভোকেট আবুল বাশারকে আটক করে পুলিশে সোপর্দ করে।
নথি থেকে জানা গেছে, গত ৩১ জুলাই সকাল সাড়ে ৬টার দিকে পল্লবীর মেট্রোরেল এলাকায় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা মিছিল করে। তারা বাংলাদেশ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রসহ অপপ্রচার করে মিছিল করছিল। পুলিশ সেখানে গিয়ে কয়েকজনকে আটক করে। আর কয়েকজন পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।
এ ঘটনায় ওইদিন পল্লবী থানার এসআই সোহান মোল্লা সন্ত্রাসবিরোধী আইনের মামলা করেন।

আদালত প্রতিবেদক