রাজধানীতে আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা জোরদার
নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধ এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-৩ (এসআরবি-৩)। শনিবার (১৯ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার (১৮ সেপ্টেম্বর) পরিচালিত বিশেষ অভিযানের অংশ হিসেবে সার্বক্ষণিক চেকপোস্ট, রোবাস্ট পেট্রোলিং ও মোটরসাইকেল টহল জোরদার করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জননিরাপত্তা নিশ্চিত করতে সন্ত্রাস ও সংঘবদ্ধ অপরাধ দমন, অবৈধ অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক উদ্ধার, সাইবার অপরাধ, গুম, ভূমিদস্যুতা, নারী ও শিশু নির্যাতন, ধর্ষণ, মানবপাচার ও অপহরণসহ বিভিন্ন অপরাধে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে। এছাড়া অবৈধ অস্ত্র, মাদক উদ্ধার এবং চুরি-ছিনতাই ও নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে বিশেষ অভিযান চালানো হচ্ছে। সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনে তল্লাশি করা হচ্ছে। তবে সাধারণ মানুষের চলাচলে যাতে কোনো ধরনের বিঘ্ন না ঘটে, সে বিষয়ে দায়িত্বরত সদস্যদের নির্দেশনা দেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
এসআরবি-৩ জানায়, টহল ও চেকপোস্ট কার্যক্রমের পাশাপাশি গোয়েন্দা নজরদারিও বাড়ানো হয়েছে। অপরাধী চক্রের গতিবিধি পর্যবেক্ষণে সংস্থাটির গোয়েন্দা সদস্যরা কাজ করছেন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আইনশৃঙ্খলা রক্ষা ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে অপরাধীদের বিরুদ্ধে এসআরবি-৩-এর অভিযান অব্যাহত থাকবে।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুর থেকে মধ্যরাত পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন দেওয়ার ঘটনার পর নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ ছাড়া রাজধানীর গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়কে দুই শতাধিক চেকপোস্ট বসিয়ে সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনে তল্লাশি চালানো হচ্ছে।
ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) জানিয়েছে, ঢাকায় প্রবেশের চারটি পথে পুলিশ কাজ করছে। দুই শতাধিক চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হচ্ছে। শুক্রবারের ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন দেওয়ার ঘটনায় সাধারণ ডায়েরি (জিডি) ও মামলা হয়েছে। ঘটনাস্থলের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে কাজ করছে পুলিশ।
এদিকে গত ২৪ ঘণ্টায় রাজধানীতে পৃথক অভিযানে ৫১৫ জনকে গ্রেপ্তার করেছে ডিএমপি। এ সময় ৪৭টি মামলা করা হয়েছে। এর মধ্যে রমনা বিভাগ ৩০ জন, লালবাগ বিভাগ ৩৪, ওয়ারী বিভাগ ৬৪, মতিঝিল বিভাগ ৭৬, তেজগাঁও বিভাগ ৯২, মিরপুর বিভাগ ১২০, গুলশান বিভাগ ৩৭, উত্তরা বিভাগ ৪৬ এবং গোয়েন্দা বিভাগ ১৬ জনকে গ্রেপ্তার করেছে।
অভিযানে দুটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন, ১০টি গুলি, তিনটি চাপাতি, পাঁচটি চাকু, বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ, ৫৩টি লোহার পেরেক, ৯৪ কেজি ৩৫০ গ্রাম গাঁজা, ১১ হাজার ১৬৭টি ইয়াবা ও ১২১ দশমিক ৩ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে। এ ছাড়া বিদেশি মদ তিন বোতল, ২০ ক্যান বিয়ার, একটি প্রাইভেট কার, পাঁচটি মোবাইল ফোন ও ৭ হাজার ২০০ টাকা উদ্ধার করা হয়।

নিজস্ব প্রতিবেদক