অপ্রতিম হত্যার ঘটনায় মামলা
নিহত ইশায়াত শাহরিয়ার অপ্রতিম। ফাইল ছবি
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক নাহিদা বেগমের ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিম (১৩) হত্যার ঘটনায় কুমিল্লার সদর দক্ষিণ মডেল থানায় মামলা হয়েছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) দিনগত রাত সাড়ে ১২টার দিকে অপ্রতিমের বাবা কে এম ফিরোজ শাহরিয়ার বাদী হয়ে মামলাটি করেন।
আজ রোববার (২০ সেপ্টেম্বর) সকালে মামলার বিষয়টি নিশ্চিত করেন সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম। তিনি বলেন, মামলায় আসামিদের নাম অজ্ঞাত হিসেবে উল্লেখ করা হয়েছে।
এর আগে শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে কুমিল্লার কোটবাড়ি এলাকার বাসা থেকে মায়ের আইফোন নিয়ে বন্ধুদের সঙ্গে ছবি তুলতে বের হয় ১৩ বছর বয়সী অপ্রতিম। এরপর থেকে সে নিখোঁজ ছিল। শনিবার দুপুরে লালমাই পাহাড়ের জঙ্গল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

মাহফুজ নান্টু, কুমিল্লা