মাকে কুপিয়ে ও ভাতিজিকে আছড়ে হত্যা
কুমিল্লার দেবিদ্বারে এক যুবকের ধারালো অস্ত্রের আঘাতে নিজ মা ও আট মাস বয়সী ভাতিজি নিহত হয়েছেন। এ সময় বাধা দিতে গিয়ে ওই যুবকের ভাবি গুরুতর জখম হয়েছেন।
আজ সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার বড়শালঘর ইউনিয়নের বড়শালঘর গ্রামের দক্ষিণ পাড়ার মোস্তফা মাস্টারের বাড়িতে এই ঘটনা ঘটে।
নিহতরা হলেন- অভিযুক্ত ইমনের মা পেয়ারা বেগম এবং তার আট মাস বয়সী ভাতিজি। হামলায় গুরুতর আহত ভাবির নাম রাবেয়া বেগম। এ ঘটনায় জড়িত অভিযুক্ত ইমনকে (২৪) আটক করে ঘরে তালাবদ্ধ করে রাখেন স্থানীয়রা।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ইমন কোনো এক কারণে হঠাৎ উত্তেজিত হয়ে ধারালো দা দিয়ে তার মা পেয়ারা বেগমকে কুপিয়ে হত্যা করে। এরপর সে তার আট মাস বয়সী ভাতিজিকে আছড়ে হত্যা করে। এ সময় তাকে বাধা দিতে এলে ভাবি রাবেয়া বেগমকেও এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করা হয়। পরবর্তীতে প্রতিবেশীরা এসে আহত রাবেয়াকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায় এবং অভিযুক্ত ইমনকে আটকে রেখে পুলিশে খবর দেয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে রওনা হয়েছে। তিনি বলেন, প্রাথমিকভাবে জানা গেছে অভিযুক্ত ইমন দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। তবে ঠিক কী কারণে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। তদন্তের পর ঘটনার আসল কারণ জানা যাবে।

মাহফুজ নান্টু, কুমিল্লা
ইসহাক হাসান, কুমিল্লা (মুরাদনগর-দেবিদ্বার-ব্রাহ্মণপাড়া)