সাভারে দাঁড়িয়ে থাকা বাসে দুর্বৃত্তদের আগুন
ঢাকার সাভারে ঢাকা-আরিচা মহাসড়কের সার্ভিস লেনে পার্কিং করে রাখা একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার (২১ সেপ্টেম্বর) ভোরে রেডিও কলোনি এলাকায় ঢাকাগামী সড়কের পাশে এ ঘটনা ঘটে। কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন যুবলীগের ডাকা কর্মসূচির সময়কালে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
পুলিশ জানিয়েছে, ক্ষতিগ্রস্ত বাসটি সাভার পরিবহণ’র। রাস্তার পাশে দাঁড় করানো অবস্থায় কে বা কারা বাসটির পেছনের অংশে আগুন দিয়ে দ্রুত পালিয়ে যায়। পরে স্থানীয়রা বিষয়টি দেখতে পেয়ে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল আলম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। এছাড়া এ ঘটনার পেছনে অন্য কোনো কারণ বা রাজনৈতিক সংশ্লিষ্টতা রয়েছে কি না, তাও পুলিশ খতিয়ে দেখছে।
এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক বা গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তবে সাভার থানা পুলিশের উদ্ধার ও তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।

জাহিদুর রহমান