নিজস্ব অর্থায়নে গৃহহীন দুই পরিবারকে পাকা বাড়ি দিলেন এমপি জাহিদুল
দীর্ঘদিনের অনিশ্চয়তা আর কষ্টের অবসান ঘটিয়ে অবশেষে স্থায়ী ঠিকানার দেখা পেলেন নওগাঁ সদর উপজেলার দুই অসহায় ও গৃহহীন পরিবার। নওগাঁ-৫ (সদর) আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু তার নিজস্ব অর্থায়নে পাকা বাড়ি নির্মাণ করে দিয়ে পরিবার দুটির মুখে নতুন হাসি ফুটিয়েছেন। সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে এক আবেগঘন পরিবেশে আনুষ্ঠানিকভাবে নবনির্মিত বাড়িগুলোর চাবি উপকারভোগীদের হাতে হস্তান্তর করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, হাঁসাইগাড়ি ভুতুলিয়া হামরাপাড়ার বাসিন্দা প্রয়াত রাজমিস্ত্রি মুনছুর আলীর স্ত্রী শিরিনা বেগম দুই সন্তান ও অন্ধ শ্বশুরকে নিয়ে চরম সংকটের মধ্যে দিন কাটাচ্ছিলেন। অন্যদিকে, দুবলহাটি ইউনিয়নের ভবানীনগর গ্রামের সাধারণ ভ্যানচালক আবদুল আজিজ তার দুই ছেলে ও এক মেয়েকে নিয়ে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছিলেন। সামান্য ঝড়-বৃষ্টিতেই তাদের কাটাতে হতো নির্ঘুম রাত। অসহায় এই দুই পরিবারের কষ্টের কথা জানতে পেরে এমপি জাহিদুল ইসলাম ধলু নিজ উদ্যোগে সব সুযোগ-সুবিধাসম্বলিত পাকা ঘর নির্মাণ করে দেন।
নতুন পাকা বাড়ি পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন উপকারভোগীরা। শিরিনা বেগম বলেন, স্বামী হারানোর পর সন্তানদের নিয়ে চোখে সর্ষেফুল দেখছিলাম। এমপি ঘর বানিয়ে দিয়ে আমাদের নতুন জীবন দিয়েছেন। কখনও ভাবিনি পাকা ঘরে ঘুমাতে পারব।
ভ্যানচালক আবদুল আজিজ সরদার বলেন, এমপি নিজের টাকায় ঘর বানিয়ে দেওয়ায় বুকের ওপর থেকে যেন পাহাড় নেমে গেছে। এখন শান্তিতে ঘুমাতে পারব।
বাড়ি হস্তান্তরকালে সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু বলেন, জনপ্রতিনিধি হিসেবে মানুষের পাশে দাঁড়ানোই আমার সবচেয়ে বড় দায়িত্ব। এটি কোনো সরকারি প্রকল্প নয়, নিজের সামাজিক দায়বদ্ধতা থেকে নেওয়া একটি ছোট উদ্যোগ। তাদের হাতে পাকা বাড়ির চাবি তুলে দিতে পেরে আমি আনন্দিত। তারা যেন নতুন করে বাঁচার আত্মবিশ্বাস পান, সেটাই আমার চাওয়া।
অনুষ্ঠানে হাঁসাইগাড়ি ইউপির সাবেক চেয়ারম্যান জালাল আহম্মেদ শাহানা, দুবলহাটি ইউপির সাবেক চেয়ারম্যান আনিছুর রহমান, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শ.ম আল কাফি তুহিন, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নূরনবী সাজা, বক্তারপুর ইউপি চেয়ারম্যান সারোয়ার কামাল চঞ্চল, নওগাঁ জেলা যুবদলের আহ্বায়ক মাসুদ হায়দার টিপু, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শফিউল আজম টুটুল ও জেলা ছাত্রদলের আহ্বায়ক মামুন বিন ইসলাম দোহারসহ অনেকে উপস্থিত ছিলেন।

আসাদুর রহমান জয়, নওগাঁ