স্ত্রীর ওপর অভিমান করে না ফেরার দেশে যুবক
রংপুরের কাউনিয়ায় পারিবারিক কলহের কারণে স্ত্রীর ওপর অভিমান করে কীটনাশক (ঘাস মারার ওষুধ) পান করে ওমর ফারুক (২৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত ওমর ফারুক উপজেলার বালাপাড়া ইউনিয়নের হলদিবাড়ি গ্রামের মৃত জিল্লুর রহমানের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিক কলহের কারণে গত সপ্তাহে ওমর ফারুকের স্ত্রী লালমনিরহাটে বাবার বাড়িতে চলে যান। এরপর থেকেই তিনি মানসিক বিষণ্ণতায় ভুগছিলেন। এরই কারণে মঙ্গলবার বিকেলে নিজ ঘরে বিষাক্ত ঘাস মারার ওষুধ পান করেন তিনি।
পরে রাত ৩টার দিকে শারীরিক অবস্থার চরম অবনতি হলে স্বজনেরা তাকে কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসারত অবস্থায় সকালে তার মৃত্যু হয়। খবর পেয়ে কাউনিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে।
কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শিহাব উদ্দিন বলেন, মরদেহের সুরতহাল সম্পন্ন হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু (ইউডি) মামলার প্রক্রিয়া চলমান রয়েছে।

সুজন মনোয়ার, রংপুর (কাউনিয়া-পীরগাছা)