বেসিস নির্বাচন সামনে রেখে ৭ সদস্যের সহায়ক কমিটি
বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) আসন্ন নির্বাচন সামনে রেখে সদস্য যাচাই-বাছাই ও তথ্য হালনাগাদে সাত সদস্যের একটি সহায়ক কমিটি গঠিত হয়েছে। বাণিজ্য সংগঠন-২-এর নির্দেশনায় অস্থায়ী প্রশাসকের মাধ্যমে কমিটিটি গঠন করা হয়।
এই কমিটি নতুন সদস্য অন্তর্ভুক্তি, বিদ্যমান সদস্যদের তথ্য যাচাই ও সদস্যভিত্তিক তথ্য হালনাগাদের কাজে অস্থায়ী প্রশাসককে সহযোগিতা করবে।
কমিটির সদস্যরা হলেন—ট্রাস্ট-আইটি (বিডি) লিমিটেডের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোহাম্মদ জুয়েল, সলিউশন ওয়ার্ল্ড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার আব্দুল্লাহ ইবনে নূরুল ইসলাম, এজিএস কোয়ালিটি অ্যাকশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. আহসান হাবিব, এটোভা টেকনোলজির প্রতিষ্ঠাতা ও সিইও ফেরদৌস আলম, রেড স্প্যারো লিমিটেডের পরিচালক মো. ফুয়াদ হাসান, লেমিসে লিমিটেডের সিইও মো. রাশেদ উল হক সরকার এবং গ্লোবাল আইটি অ্যান্ড ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ তাপিত হাসান চৌধুরী।
এক বিজ্ঞাপ্তিতে এসব তথ্যের পাশাপাশি জানানো হয়েছে, নির্বাচনি প্রক্রিয়ার অন্য কোনো বিষয়ে কমিটির স্বতন্ত্র সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার থাকবে না। কমিটির কোনো সদস্য বেসিসের আসন্ন নির্বাচনে প্রার্থী হতে চাইলে নির্বাচনি তফসিল ঘোষণার দিনই সহায়ক কমিটি থেকে পদত্যাগ করতে হবে।

এনটিভি অনলাইন ডেস্ক