বিজেএস পরীক্ষায় দেশসেরা গাইবান্ধার সিয়াম
১৮তম বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষার চূড়ান্ত ফলাফলে প্রথম স্থান অর্জন করে দেশসেরা হয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী আরিফ উল করিম সিয়াম। বুধবার (২৩ সেপ্টেম্বর) প্রকাশিত চূড়ান্ত ফলাফলে তিনি এই অনন্য কৃতিত্ব অর্জন করেন।
আরিফ উল করিম সিয়াম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের (৪১তম ব্যাচ) শিক্ষার্থী। তিনি গাইবান্ধার সাঘাটা উপজেলার আনদিরপাড়া গ্রামের মো. রেজাউল করিম ও আলপনা করিম দম্পতির সন্তান। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে উচ্চশিক্ষা শেষ করে তিনি ১৮তম বিজেএস পরীক্ষায় অংশ নিয়েছিলেন। ব্যক্তিগত জীবনে তার স্ত্রী ডা. তবিবা আজিজ একজন চিকিৎসক।
সিয়ামের এই অসাধারণ সাফল্যে তার নিজ গ্রাম সাঘাটাসহ রাজশাহী বিশ্ববিদ্যালয় পরিবারে আনন্দের বন্যা বইছে। স্বজন, শিক্ষক, সহপাঠী ও এলাকাবাসী তার এই অর্জনে অত্যন্ত উচ্ছ্বসিত এবং তার হবু কর্মজীবনের সার্বিক সাফল্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছেন।

কৃষ্ণ কুমার চাকী, গাইবান্ধা