ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের ৭ দিনের রিমান্ড আবেদন
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কথিত রাষ্ট্রবিরোধী ও উসকানিমূলক বক্তব্যের ঘটনায় করা রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার ঢাকা ক্যান্টনমেন্ট থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসানকে সাত দিন রিমান্ডে নিতে আবেদন করেছেন পুলিশ। আজ বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ঢাকার সিএমএম আদালতে এ রিমান্ড শুনানি অনুষ্ঠিত হবে।
এ বিষয়ে ঢাকার মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মো. আকতার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে রাষ্ট্রবিরোধী ও উসকানিমূলক বক্তব্য ছড়িয়ে দেওয়ার অভিযোগে রাকিবুল হাসানকে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার করা হয়েছে। পরে তাকে আদালতে পাঠানো হয়েছে।
এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি অডিওকে কেন্দ্র করে আলোচনায় আসেন তৎকালীন ক্যান্টনমেন্ট থানার ওসি রাকিবুল হাসান। ওই অডিওর বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য তাকে ডিবি হেফাজতে নেওয়া হয়েছিল।
পরে রাকিবুলকে ক্যান্টনমেন্ট থানার ওসি পদ থেকে প্রত্যাহার করা হয়।

আদালত প্রতিবেদক