জাসদ কার্যালয়ে ‘গোপন বৈঠক’, আ.লীগ সন্দেহে আটক অর্ধশতাধিক
রাজধানীর গুলিস্তানের জিপিও মোড়ে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) প্রধান কার্যালয় থেকে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্দেহজনক অর্ধশতাধিক নেতাকর্মীকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
আজ শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুর আড়াইটায় তাদের আটক করা হয়।
পল্টন মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর ইসলাম গণমাধ্যমকে বিষয়টি জানিয়েছেন। তিনি বলেন, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কিছু লোকজনকে আনা হয়েছে থানায়। জিজ্ঞাসাবাদ করে যাচাই-বাছাই করা হচ্ছে। যাচাই-বাছাই শেষে এ বিষয়ে আইনি প্রক্রিয়া গ্রহণ করা হবে।
এ বিষয়ে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার (ডিসি) মো. আকতার হোসেন জানান, জাসদের প্রধান কার্যালয়ে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়া হয়েছিল, সেখানে বহিরাগত অনেকে অবস্থান করছিল এবং বৈঠক চলছিল- এমন সন্দেহে ক্রাইম ও গোয়েন্দা পুলিশের যৌথ অভিযান চলছে। ইতোমধ্যে অর্ধশতাধিক লোককে পুলিশের হেফাজতে নিয়ে পল্টন থানায় আনা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হবে। অভিযান এখনো চলমান। তথ্য বিশ্লেষণ ও জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

নিজস্ব প্রতিবেদক