প্রাথমিকে শিক্ষক নিয়োগপত্র না পাওয়া প্রার্থীদের নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফলাফলে উত্তীর্ণ কিন্তু এখনও নিয়োগপত্র না পাওয়া প্রার্থীদের হতাশ না হওয়ার আহ্বান জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। শনিবার (২৬ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের নিজের ভেরিফায়েড পেজে দেওয়া এক পোস্টে তিনি এ আহ্বান জানান।
ভুল ও বিভ্রান্তিকর তথ্যে কান না দেওয়ার পরামর্শ দিয়ে শিক্ষামন্ত্রী বলেন, আগামী ১ অক্টোবরের মধ্যেই যোগ্য প্রার্থীরা পর্যায়ক্রমে তাদের বহুল কাঙ্ক্ষিত নিয়োগপত্র হাতে পাবেন।
শিক্ষামন্ত্রী পোস্টে লেখেন, ‘আমরা লক্ষ্য করছি যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ-২০২৫ এর নিয়োগপত্র প্রাপ্তি নিয়ে বিভিন্ন মিডিয়া ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। এ পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, ১ অক্টোবর ২০২৬ তারিখ পর্যন্ত সময়ে উত্তীর্ণ প্রার্থীদের কেউ নিয়োগপত্র না পেয়ে থাকলে তা পরবর্তী সময়ে যথাযথভাবে পরীক্ষা-নিরীক্ষা করে দ্রুততম সময়ের মধ্যে পর্যায়ক্রমে নিয়োগপত্র প্রেরণ করা হবে।
শিক্ষামন্ত্রী পোস্টে আরও উল্লেখ করেন, ‘সরকারি কর্মকর্তা-কর্মচারী নিয়োগের ক্ষেত্রে ভেরিফিকেশন/ভেটিং একটি নিয়মিত প্রক্রিয়া।’

নিজস্ব প্রতিবেদক