২৭ বছর পর এরশাদ শিকদারের সহযোগী গ্রেপ্তার
খুলনার কুখ্যাত সন্ত্রাসী এরশাদ শিকদারের সহযোগী এবং চাঞ্চল্যকর হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি জয়নাল সরদারকে (৫৫) গ্রেপ্তার করেছে এসআরবি। পরিচয় বদলে প্রায় ২৭ বছর ভারত ও কুয়েতে আত্মগোপনে থাকার পর শনিবার (২৬ সেপ্টেম্বর) রাতে খুলনা মহানগরীর সোনাডাঙ্গা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার জয়নাল সরদার বরিশালের গৌরনদী উপজেলার বাসিন্দা।
আজ রোববার (২৭ সেপ্টেম্বর) এসআরবি-৮ এর সহকারী পুলিশ সুপার (মিডিয়া অফিসার) ওয়ালিদ হাসান মিঠু বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় সোনাডাঙ্গা মডেল থানা এলাকায় অভিযান চালিয়ে খুলনার কুখ্যাত সন্ত্রাসী এরশাদ শিকদারের সহযোগী জয়নালকে গ্রেপ্তার করা হয়। ১৯৯৯ সালে খুলনা জেলার রূপসা থানায় দায়ের হওয়া একটি হত্যা মামলায় জয়নালের বিরুদ্ধে অপরাধ প্রমাণিত হওয়ায় আদালত তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেন। এ ছাড়া মরদেহ গুমের অপরাধে তাকে পৃথকভাবে আরও ৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়।
মামলার বিচার চলাকালে আসামি দীর্ঘদিন পলাতক থাকায় আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিলেন। আইনি প্রক্রিয়া সম্পন্ন করার জন্য গ্রেপ্তার আসামিকে খুলনা মহানগরীর সোনাডাঙ্গা মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

মুহাম্মদ আবু তৈয়ব, খুলনা