কাশবনে অশ্লীলতার অভিযোগে গুঁড়িয়ে দেওয়া হলো কফি শপ
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অসামাজিক কার্যকলাপের অভিযোগে দুর্গম চরাঞ্চলে গড়ে ওঠা কাশফুলের ঘাট নামের একটি চা ও কফি শপ গুঁড়িয়ে দিয়েছে পুলিশ। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে ভূরুঙ্গামারী থানা পুলিশ ও অর্ধশতাধিক গ্রামপুলিশের একটি দল যৌথভাবে অভিযান চালিয়ে আস্তানাটি গুঁড়িয়ে দেয়।
স্থানীয় সূত্র জানায়, উপজেলার চরভূরুঙ্গামারী ইউনিয়নের ইসলামপুরের চরে প্রাকৃতিকভাবে গড়ে ওঠা কাশবনে পর্যটকদের আনাগোনা কেন্দ্র করে শপটি তৈরি করা হয়। তবে পরবর্তীতে সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠানের নামে অশ্লীল নৃত্য পরিবেশন, কফি শপের আড়ালে মাদক সেবন, অসামাজিক কার্যকলাপ ও ডিজে পার্টি আয়োজনের অভিযোগ ওঠে। এমনকি স্কুল-কলেজের শিক্ষার্থীরা ক্লাস ফাঁকি দিয়ে সেখানে অনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছিল।
অভিযানকালে ভূরুঙ্গামারী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অমৃত দেবনাথ, ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন, সহকারী কমিশনার (ভূমি) জামিলুর রহমান ও ভূরুঙ্গামারী থানার ওসি আজিম উদ্দিন উপস্থিত ছিলেন।
ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন বলেন, দুর্গম এলাকায় কফি শপের আড়ালে অসামাজিক ও অনৈতিক কর্মকাণ্ড পরিচালিত হচ্ছিল। কিশোর-কিশোরীদের নৈতিক অবক্ষয় রোধে শপটি গুঁড়িয়ে দেওয়া হয়েছে এবং বিনোদনের নামে চলা এমন অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

শামসুজ্জোহা সুজন, কুড়িগ্রাম (ভূরুঙ্গামারী)