রাবি শিবিরের সাথী ছিলেন আম্মার, ফেসবুক পোস্টে যা বললেন
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাথে সম্পৃক্ততা বরাবরই অস্বীকার করে এসেছেন রাবির জিএস সালাউদ্দিন আম্মার। তবে এবারে প্রকাশ্যে এল, ২০২৫ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সাথী পদে ছিলেন তিনি।
তবে ২০২৫ সালের ফেব্রুয়ারিতে তার সাথী পদ স্থগিত করা হয়েছিল এবং সে সময় তার বিরুদ্ধে মৌলিক ইবাদত পালনে উদাসীনতা, নারীদের সঙ্গে অবাধ বিচরণ, অবৈধ অর্থনৈতিক লেনদেন ও সম্পদ তছরুপসহ সংগঠনের লক্ষ্য-উদ্দেশ্য পরিপন্থী কাজ করার অভিযোগ করা হয়েছিল। রাবি ছাত্র শিবিরের নেতারা সম্প্রতি বিষয়টি গণমাধ্যমে প্রকাশ করেছে।
শিবির নেতাদের দেয়া তথ্য অনুযায়ী, রাবি শাখা শিবিরের সভাপতি মুজাহিদ ফয়সালের স্বাক্ষর করা একটি চিঠিতে উল্লেখ রয়েছে ২০২৫ সালের ফেব্রুয়ারিতে আম্মারের সাথীপদ স্থগিত করার বিষয়টি। ওই চিঠি থেকে জানা যায়, অভিযোগের বিষয়ে আম্মারের কাছে ব্যাখ্যা চাওয়া হলে তার জবাব সন্তোষজনক না হওয়ায় ২০২৫ সালের সেপ্টেম্বরের মাসিক সেক্রেটারিয়েট সভায় তার সাথীপদ বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়।
এদিকে, রাকসু নির্বাচনে শিবিরের ‘ডামি প্যানেল’ হিসেবে আলোচনায় আসা ‘আধিপত্যবিরোধী ঐক্য’ প্যানেল থেকে জিএস নির্বাচিত হন সালাউদ্দিন আম্মার। ওই প্যানেল থেকে ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করা মেহেদী সজীব পরবর্তীতে রাবি শাখা শিবিরের প্রচার ও মিডিয়া সম্পাদক হিসেবে দায়িত্ব নেন। এবারে জিএস আম্মারও যে একসময় শিবিরের সদস্য ছিলেন সে বিষয়টিও সামনে এল। এদিকে নতুন করে এসব তথ্য সামনে আসায় ‘ডামি প্যানেল’ নিয়ে আলোচনাও আবার সামনে এসেছে।
তবে এ ঘটনার পর নিজের ফেসবুক পোস্টে, শিবিরের বিরুদ্ধে মিথ্যা বলার অভিযোগ করেছেন আম্মার। তিনি লেখেন রাবি শিবিরের ভয়াবহ গুণ রয়েছে মিথ্যাকে সত্য বলার আর সত্যকে মিথ্যা। শিবিরের শাখায় যেদিন একজন গুটিবাজ, নোংরা, ধুরন্দর লোককে মেইন দায়িত্বে যেতে দেখেছি সেদিন থেকেই শিবিরের পলিসি বোঝা শেষ আমার।
সালাউদ্দিন আম্মার আরও লেখেন, আনীত অভিযোগগুলোর কোনোটার সাথেই সম্পৃক্ত না। শিবির শুধু অভিযোগই এনেছে, প্রমাণ আনেনি। এখন যেটা আমি করিনি সেটার অভিযোগ যদি আমার বিরুদ্ধে দেন তো আমি প্রমাণ কীভাবে দিব?

এনটিভি অনলাইন ডেস্ক