কিশোরগঞ্জে যুক্তরাষ্ট্রের নাগরিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় সিরাজুল ইসলাম (৬০) নামে এক আমেরিকা প্রবাসীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার (২ অক্টোবর) সকালে উপজেলার কোষাকান্দা গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
সিরাজুল ইসলাম ওই গ্রামের বজলুর রহমান ওরফে বজলু চেয়ারম্যানের বড় ভাই। তিনি প্রায় ৩৫ বছর ধরে যুক্তরাষ্ট্রে বসবাস করছিলেন। তার স্ত্রী ও তিন সন্তানও যুক্তরাষ্ট্রের নাগরিক বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
স্থানীয় বাসিন্দা ও স্বজনরা জানায়, সিরাজুল ইসলাম প্রায় ছয় মাস আগে পরিবার যুক্তরাষ্ট্রে রেখে একাই বাড়িতে আসেন। তিনি একা একটি ঘরে থাকতেন। গতকাল বৃহস্পতিবার রাতে তিনি ঘুমাতে যান। আজ শুক্রবার সকালে তাকে ঘরের জানালার গ্রিলের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় স্বজনরা। পরে খবর পেয়ে পাকুন্দিয়া থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করে।
বিষয়টি নিশ্চিত করে পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আরিফুর রহমান বলেন, সিরাজুল ইসলাম আত্মহত্যা করে থাকতে পারেন। তবে এটি আত্মহত্যা নাকি অন্য কোনো ঘটনা, তা এখনও নিশ্চিত নয়। মরদেহটি ময়নাতদন্তের জন্য জেলা সদরে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছি। প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। ঘটনাটি তদন্ত করা হচ্ছে।

মারুফ আহমেদ, কিশোরগঞ্জ