ছাগলে করলা গাছ খাওয়ায় ছুরিকাঘাত, কৃষক নিহত
নওগাঁর ধামইরহাট উপজেলায় ছাগলে করলা গাছ খাওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের ধারালো চাকুর আঘাতে আবুল কাশেম (৪২) নামে এক কৃষক নিহত হয়েছেন। সংঘর্ষে নিহতের পরিবারের আরও চার সদস্য গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।
শুক্রবার (২ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার জাহানপুর ইউনিয়নের বড় শিবপুর মাস্টারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আবুল কাশেম ওই গ্রামের মৃত রাজ মাহমুদ মন্ডলের ছেলে। পেশায় তিনি কৃষক।
আহতরা হলেন- নিহতের বড় ভাই মুক্তার আলী, বদিউল ইসলাম, ছোট ভাই ইমরান আলী ও ভাইয়ের স্ত্রী রেখা বেগম। তারা সবাই জয়পুরহাট সদর হাসপাতালে চিকিৎসাধীন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে একই গ্রামের মো. রনির (৩৫) জমির করলা গাছ খেয়ে ফেলে একটি ছাগল। এ নিয়ে রনির সঙ্গে আবুল কাশেমের পরিবারের বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নিলে রনি ধারালো চাকু দিয়ে আবুল কাশেমকে উপর্যুপরি আঘাত করেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিন্টু রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম কাজ করছে। এ ঘটনায় থানায় হত্যা মামলার প্রস্তুতি চলছে।

আসাদুর রহমান জয়, নওগাঁ