দুই মোটরসাইকেলের সংঘর্ষে স্কুলশিক্ষক নিহত, আহত ২
পঞ্চগড়ের দেবীগঞ্জে দুই মোটরসাইকেলের সংঘর্ষে আলমগীর প্রধান (৪৮) নামে এক স্কুলশিক্ষক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন। শনিবার (৩ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে দেবীগঞ্জ-সোনাহার সড়কের স্টেডিয়াম মাঠসংলগ্ন আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টারের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আলমগীর প্রধান দেবীগঞ্জ উপজেলার রামগঞ্জবিলাসী মণ্ডলপাড়া এলাকার খয়বর আলী প্রধানের ছেলে। তিনি রামগঞ্জবিলাসী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন।
এ ঘটনায় আহত দুইজন হলেন দেবীগঞ্জ পৌরসভার মধ্যপাড়া এলাকার সাইদুল ইসলামের ছেলে সৈকত এবং কাচাড়ীপাড়া এলাকার রফিকুল ইসলামের ছেলে তন্ময়।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের ভাষ্যমতে, তন্ময় অতিরিক্ত গতিতে মোটরসাইকেল চালাচ্ছিলেন। একপর্যায়ে দুটি মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ হলে তিনজনই আহত হন এবং তন্ময়ের মোটরসাইকেলের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।
দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক ডা. আজাদ রহমান আলমগীর প্রধানকে মৃত ঘোষণা করেন। তিনি বলেন, হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়েছে। আহতদের মধ্যে তন্ময়ের শারীরিক অবস্থার অবনতি হলে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুসা মিয়া বলেন, দুর্ঘটনার প্রকৃত কারণ তদন্ত করা হচ্ছে এবং আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

হাসান রায়হান, পঞ্চগড় (দেবীগঞ্জ)