দেশের বিভিন্ন স্থানে হতে পারে হালকা থেকে মাঝারি বৃষ্টি
আগামী তিন দিনের মধ্যে দেশ থেকে বিদায় নিতে পারে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু। তবে এই সময়ে দেশের বিভিন্ন বিভাগে হালকা থেকে মাঝারি এবং কিছু জায়গায় ভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আজ মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল ৯টা থেকে পরবর্তী পাঁচ দিনের দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, মৌসুমি বায়ুর প্রধান অংশটি এখন পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণ এলাকা হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত। এটি বর্তমানে খুব একটা শক্তিশালী নয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল অবস্থায় রয়েছে। ফলে আগামী ৭২ ঘণ্টার মধ্যে এটি বাংলাদেশ থেকে বিদায় নিতে পারে।
আগামীকাল বুধবার সকাল ৯টা পর্যন্ত পূর্বাভাসে আরও বলা হয়, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সময়ে সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

এনটিভি অনলাইন ডেস্ক