কুরিয়ার কর্মচারী রাজু হত্যা : সাবেক এমপি মোশতাক রিমান্ডে
রাজধানীর মোহাম্মদপুরে জননী কুরিয়ার সার্ভিসের কর্মচারী রাজু আহমেদকে হত্যা মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য (এমপি) মোশতাক আহমেদ রুহিকে চার দিন রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত৷
আজ মঙ্গলবার (৬ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ইসমাইল এ আদেশ দেন।
গত ৩০ সেপ্টেম্বর ঢাকার মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালতে আসামি মোশতাক আহমেদ রুহির সাত দিন রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার উপপরিদর্শক (এসআই) জাহিদুল ইসলাম কবির। আজ বিচারক আসামির উপস্থিতিতে শুনানি শেষে তার চার দিন রিমান্ড মঞ্জুর করেন।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অপরাধ, তথ্য ও প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান তথ্যের সত্যতা নিশ্চিত করেন।
গত ২৩ সেপ্টেম্বর বিকেলে মোহাম্মদপুর থানার ছাত্রদল ও যুবদলের নেতাকর্মী মোশতাক আহমেদ রুহিকে আটক করে রাখে। পরে পুলিশ খবর পেয়ে তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়। পরে রাজু হত্যা মামলায় তাকে ২৪ সেপ্টেম্বর কারাগারে পাঠানো হয়।
নথি থেকে জানা গেছে, ২০২৪ সালের ১৯ জুলাই মোহাম্মদপুরের বাঁশবাড়ী এলাকায় জননী কুরিয়ার সার্ভিসের গলির সামনে বিক্ষোভ চলছিল। কুরিয়ার সার্ভিসটির কর্মচারী রাজু সেই বিক্ষোভ দেখছিলেন। হঠাৎ একটি গুলি এসে তার গায়ে লাগে। পরে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা রাজুকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ২০২৪ সালের ২৭ আগস্ট মোহাম্মদপুর থানায় একটি মামলা করা হয়।

আদালত প্রতিবেদক