ইজিবাইকে বদলাচ্ছে ব্যাটারি, চালকদের আয় বাড়াতে প্রতিমন্ত্রীর নতুন উদ্যোগ
দেশের ইজিবাইকগুলোতে ক্ষতিকর ও ভারী লেড-এসিড ব্যাটারির বদলে সাশ্রয়ী ও পরিবেশবান্ধব লিথিয়াম-আয়ন ব্যাটারি প্রতিস্থাপনের চিন্তাভাবনা করছে সরকার। এতে একদিকে ব্যাপক বিদ্যুৎ সাশ্রয় হবে, অন্যদিকে চালকদের দৈনিক আয় বৃদ্ধি পাবে এবং পরিবেশের মারাত্মক ক্ষতি রোধ করা সম্ভব হবে। এ লক্ষ্যে ঢাকা ইলেক্ট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেডের (ডেসকো) উদ্যোগে উত্তরখানে ইতোমধ্যে একটি পাইলট প্রকল্প চালু করা হয়েছে।
আজ শুক্রবার (৯ অক্টোবর) বেলা ১২টায় যশোরের সিসিটিএস কনফারেন্স রুমে অনুষ্ঠিত ‘বাংলাদেশ পরিবেশ আন্দোলন’ (বাপা)-এর জেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এসব কথা জানান।
প্রতিমন্ত্রী বলেন, বর্তমানে প্রচলিত লেড ব্যাটারি অত্যন্ত ভারী এবং রিচার্জের ক্ষেত্রে বিপুল বিদ্যুৎ অপচয় ঘটে। অন্যদিকে লিথিয়াম-আয়ন ব্যাটারির প্রাথমিক ক্রয়মূল্য একটু বেশি হলেও এটি ব্যবহারের ফলে গাড়ির ওজন অনেক কমে যায় এবং ব্যাটারির আয়ু বৃদ্ধি পায়। বর্তমান লেড ব্যাটারিতে ৫টি ভারী ইউনিট নিয়ে একজন চালক সারাদিনে সর্বোচ্চ ৮০ কিলোমিটার চালাতে পারেন। কিন্তু একই গাড়িতে লিথিয়াম-আয়ন ব্যাটারি স্থাপন করলে তিনি অন্তত ১০০ কিলোমিটার চালাতে পারবেন, যা থেকে চালকের দৈনিক ২০০ টাকার অতিরিক্ত আয় হবে। উত্তরখানের পাইলট সফল হলে দেশের প্রতিটি সিটি করপোরেশন ও বড় জেলা শহরগুলোতেও এই প্রযুক্তি ছড়িয়ে দেওয়া হবে।
দেশের বিদ্যুৎকেন্দ্রগুলোতে ব্যবহৃত কয়লা প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, বর্তমানে যে কয়লা বাইরে থেকে আমদানি করা হয়, তাতে ক্ষতিকর সালফারের পরিমাণ অনেক বেশি এবং আমদানিতে প্রচুর বৈশ্বিক মুদ্রা ব্যয় হয়। অথচ দেশের ভূগর্ভস্থ কয়লায় সালফারের পরিমাণ অনেক কম। এ কারণে আমদানিকৃত কয়লার বদলে পরিবেশ রক্ষা করে দেশীয় কয়লা উত্তোলনের সম্ভাবনা নিয়ে সরকার কাজ শুরু করেছে। পাশাপাশি পরিবেশের ক্ষতি কমাতে বিদ্যুৎ উৎপাদনে আধুনিক 'আল্ট্রা-সুপারক্রিটিক্যাল' প্রযুক্তি ব্যবহারে জোর দেওয়া হচ্ছে।
বাপার কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার আজিজুল হক মনিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বাপার কেন্দ্রীয় সদস্য ও শহর পরিকল্পনাবিদ ইকবাল আহমেদ, যশোর জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন এবং জেলা বিএনপির সভাপতি সাবিরুল হক সাবু বক্তব্য দেন।
সম্মেলনে যোগদানের আগে সকালে যশোর শহরের মণিহার সিনেমা হল রোড এলাকায় পরিচ্ছন্নতাকর্মীদের আবাসন সুবিধা নিশ্চিত করতে ৪৮ ফ্ল্যাটবিশিষ্ট সাততলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও নির্মাণকাজ উদ্বোধন করেন প্রতিমন্ত্রী।

সাইফুল ইসলাম সজল, যশোর