ঝিনাইদহে বিপুল ইয়াবা ও ওয়াকিটকিসহ আটক ১
মাগুরায় ২৮ হাজার পিস ইয়াবা, খেলনা পিস্তল ও ওয়াকিটকিসহ একজনকে আটক করেছে এসআরবি-৬ ঝিনাইদহ ক্যাম্পের সদস্যরা। সম্প্রতি মাগুরা সদর পৌরসভার কলেজপাড়া এলাকার একটি বাড়ি থেকে মাদকসহ রাশেদ শেখ (৪১) নামে এক ব্যক্তিকে আটক করে এসআরবি-৬ এর একটি দল।
অভিযানে ২৮ হাজার পিস ইয়াবা, একটি খেলনা পিস্তল, টাকা গণনার মেশিন, একটি প্রিন্টার, মাদক বিক্রয়ের নগদ ১৯ লাখ ৫৮ হাজার ১০০ টাকা, ৪টি ল্যাপটপ, ওয়াকিটকি ও প্রেসের একটি বুম উদ্ধার করা হয়েছে।
এসআরবি-৬ ঝিনাইদহ ক্যাম্পের পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মাগুরা পৌরসভার ৯নং ওয়ার্ডের কলেজপাড়ার সপ্ন বিলাস বাড়ির ৪র্থ তলায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন ইয়াবা ও মাদক ব্যবসার মূলহোতা দ্বীপ্ত কুমার বিশ্বাস ওরফে সুমন।
এসব তথ্যের ভিত্তিত্বে ওই বাড়িতে অভিযান চালায় এসআরবি-৬ ঝিনাইদহ ক্যাম্পের সদস্যরা। এসআরবির উপস্থিতি টের পেয়ে মূলহোতা দীপ্ত কুমার বিশ্বাস ওরফে সুমন পালিয়ে যায়। পরে ওই বাসা থেকে রাশেদ শেখকে আটক করে এসআরবি।
এসআরবি-৬ ঝিনাইদহ ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার ইমামীম মুবিন সরকার সুমন জানান, এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে ঝিনাইদহ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। উদ্ধার হওয়া মাদক, নগদ টাকা ও অন্যান্য সরঞ্জাম এসআরবি হেফাজতে রয়েছে।

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)