পাচারের সময় ১২০ বস্তা ডিএপি সার জব্দ
নওগাঁ সদর উপজেলা থেকে অন্য জেলায় নেওয়ার সময় ১২০ বস্তা ডিএপি সার জব্দ করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার (১৩ অক্টোবর) রাত ১০টার দিকে দুবলহাটি-হাপানিয়া সড়কে দুটি নসিমন থেকে এসব সার জব্দ করা হয়। জব্দ করা সার দুবলহাটি ইউনিয়ন পরিষদ কার্যালয়ে সংরক্ষণ করা হয়েছে।
স্থানীয়রা জানান, নওগাঁ সদরের দুবলহাটি বিসিআইসি ডিলার পয়েন্টের মেসার্স মোল্লা ট্রেডার্স’র মালিক ওয়াসেফ আলী মোল্লার গুদাম থেকে দুটি নসিমনে ১২০ বস্তা ডিএপি সার তোলা হয়। পরে গাড়ি দুটি রাজশাহীর উদ্দেশে রওনা দেয়। হাপানিয়া সড়কের মুখে পৌঁছালে স্থানীয়দের সন্দেহ হয়। চালকদের জিজ্ঞাসাবাদ করলে একপর্যায়ে তারা সারগুলো রাজশাহীতে নেওয়া হচ্ছিল বলে জানান।
এ সময় মেসার্স মোল্লা ট্রেডার্সের ম্যানেজার মামুন ঘটনাস্থলে এলে ক্ষুব্ধ স্থানীয়দের মুখোমুখি হন। পরে পুলিশ ও প্রশাসনের আসার খবর পেয়ে তিনি সেখান থেকে চলে যান।
ম্যানেজার মামুন ঘটনাস্থল ছাড়ার আগে বলেন, প্রতিষ্ঠানের মালিক ওয়াসেফ আলী মোল্লার নির্দেশে সারের মেমো কেটে গাড়ি দুটি ছেড়ে দেওয়া হয়েছিল। তবে সারগুলো কার কাছে বিক্রি করা হয়েছে বা কোথায় নেওয়া হচ্ছিল, সে বিষয়ে তিনি কিছু জানেন না বলে দাবি করেন।
খবর পেয়ে নওগাঁ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নূরুল আমিন কৃষি কর্মকর্তা ও পুলিশকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে যান। তিনি বলেন, স্থানীয়দের সংবাদের ভিত্তিতে রাতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় দুটি গাড়ি থেকে ৬০ বস্তা করে মোট ১২০ বস্তা ডিএপি সার জব্দ করা হয়। ডিলার বা তার প্রতিনিধি উপস্থিত না থাকায় আইনগত প্রক্রিয়া অনুসরণ করে সারগুলো দুবলহাটি ইউনিয়ন পরিষদ কার্যালয়ে হেফাজতে রাখা হয়েছে।
ইউএনও আরও বলেন, জব্দ করা সার উপজেলা কৃষি কর্মকর্তার প্রত্যক্ষ তত্ত্বাবধানে দুবলহাটি ইউনিয়নের প্রকৃত কৃষকদের কাছে সরকার নির্ধারিত মূল্যে বিক্রি করা হবে। বিক্রির অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হবে।

আসাদুর রহমান জয়, নওগাঁ