অবৈধভাবে সার মজুত, ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা
গাইবান্ধার সাদুল্লাপুরে অবৈধভাবে রাসায়নিক সার মজুত রাখার দায়ে এক ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তার দোকান থেকে বিভিন্ন ধরনের সার জব্দ করা হয়েছে।
আজ রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ইদিলপুর ইউনিয়নে ইদিলপুর গ্রামের ইদিলপুর দাখিল মাদ্রাসার সামনে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জসিম উদ্দিন। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা অপূর্ব ভট্টাচার্য উপস্থিত ছিলেন।
জানা যায়, ইদিলপুর ইউনিয়নের ইদিলপুর গ্রামের শরিফুল ইসলামের ছেলে রাশেদের দোকানে অনুমোদন ছাড়াই বিভিন্ন ধরনের রাসায়নিক সার মজুত করে রাখএন। এ খবর পেয়ে সেখানে অভিযান চালানো হয়। অভিযানের সময় দোকানে মজুত থাকা সাত বস্তা ইউরিয়া, ৩৪ কেজি এমওপি, এক বস্তা ডিএপি এবং ৪৪ কেজি টিএসপি সার জব্দ করা হয়।
পরে অবৈধভাবে সার মজুত রাখার অপরাধে ভ্রাম্যমাণ আদালত ব্যবসায়ী রাশেদকে ১৫ হাজার টাকা জরিমানা করেন।
উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগ সূত্রে জানা যায়, কৃষকদের মাঝে সারের সুষ্ঠু সরবরাহ নিশ্চিত করা এবং অবৈধভাবে সার মজুত ও কৃত্রিম সংকট তৈরিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

লিটন প্রামানিক, গাইবান্ধা (সাদুল্লাপুর-সুন্দরগঞ্জ)