ঢাকার তাপমাত্রা কেমন থাকবে জানাল আবহাওয়া অফিস
রাজধানী ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়া আজ সারাদিন প্রধানত শুষ্ক থাকতে পারে। সেই সঙ্গে আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আজ শুক্রবার (২৩ অক্টোবর) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া আবহাওয়া পূর্বাভাসের বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়ার বুলেটিন অনুযায়ী, আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৬ দশমিক ৮০ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৭০ শতাংশ। গতকাল ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ দশমিক ৩০ ডিগ্রি সেলসিয়াস। আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৬ দশমিক ৬০ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় রাজধানীতে কোনো বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, উত্তর বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। আজ সন্ধ্যায় সূর্যাস্ত হবে ৫টা ২৬ মিনিটে এবং আগামীকাল শনিবার সূর্যোদয় হবে ভোর ৫টা ৫৯ মিনিটে।

এনটিভি অনলাইন ডেস্ক