বায়ুদূষণে শীর্ষে দিল্লি, ঢাকার অবস্থান কত?
আজ বায়ুদূষণের শীর্ষে রয়েছে ভারতের দিল্লি। অপরদিকে বাংলাদেশের রাজধানী ঢাকা দূষণের তালিকায় রয়েছে চতুর্থ অবস্থানে। ঢাকার বাতাসের মান আজ ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।
্আজ সোমবার (২৬ অক্টোবর) সকাল ৮টা থেকে ৯টা পর্যন্ত সুইজারল্যান্ডভিত্তিক আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে এসব তথ্য জানা গেছে।
বায়ুদূষণের শীর্ষে থাকা ভারতের দিল্লির স্কোর ২০০। তালিকায় দ্বিতীয় অবস্থানে থাকা পাকিস্তানের লাহোরের স্কোর ১৯৯। ১৭৫ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে পাকিস্তানের করাচি। চতুর্থ অবস্থানে রয়েছে ঢাকা, স্কোর ১৬৮। তালিকায় পঞ্চমে থাকা মালয়েশিয়ার কুচিংয়ের স্কোর ১৬৪।
আইকিউএয়ারের সূচকে বলা হয়, স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। অন্যদিকে, ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।

এনটিভি অনলাইন ডেস্ক