মাদক মামলায় সাবেক ইউপি সদস্যসহ ৪ জনের যাবজ্জীবন
সিরাজগঞ্জে পৃথক তিনটি মাদক মামলায় সাবেক ইউপি সদস্যসহ চার আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেক আসামিকে ২০ হাজার টাকা করে অর্থদণ্ড এবং অনাদায়ে আরও ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়।
আজ বুধবার (২৮ অক্টোবর) দুপুরে অতিরিক্ত জেলা দায়রা জজ তৃতীয় আদালতের বিচারক নজরুল ইসলাম এ রায় ঘোষণা করেন।
দণ্ডাদেশপ্রাপ্ত আসামিরা হলেন—সিরাজগঞ্জ পৌর এলাকার পুঠিয়াবাড়ি মহল্লার আলম শেখ, সলঙ্গা থানার পুস্তিগাছা দক্ষিণপাড়ার বাচ্চু মিয়া আকন্দ, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাট গ্রামের রেজাউল করিম ও সাকির আলী।
আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) গোলাম সরোয়ার এ তথ্য নিশ্চিত করে বলেন, রায় ঘোষণার সময় চার আসামিই পলাতক ছিলেন।
মামলার অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, ২০২৩ সালের ৫ মে সদর থানার পুলিশ শহরে মাদকবিরোধী অভিযান চালায়। অভিযান চলাকালে পুলিশের কাছে খবর আসে শহররক্ষা বাঁধ জেলখানা ঘাট এলাকায় হেরোইন ক্রয়-বিক্রয় হচ্ছে। পরে পুলিশ সেখানে অভিযান চালিয়ে ৫০ গ্রাম হেরোইনসহ আলম শেখকে আট করে।
অপরদিকে, ২০১৫ সালের ৭ জুলাই গোপন সংবাদের ভিত্তিতে সলঙ্গা থানার পুস্তিগাছা গ্রামে ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য বাচ্চু মিয়া আকন্দের বাড়িতে মাদকবিরোধী অভিযান চালায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। পরে তার ঘরে অসবাপত্রের মধ্য থেকে ৬০ গ্রাম হেরোইন জব্দ করা হয়। এ ঘটনায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (শাহজাদপুর সার্কেল) পরিদর্শক ইলিয়াস হোসেন তালুকদার বাদী হয়ে ইউপি সদস্য বাচ্চু মিয়াকে আসামি করে মামলা করেন।
এ ছাড়া ২০১২ সালের ২২ মার্চ যমুনা সেতু পশ্চিম গোলচত্বর এলাকায় চেকপোস্ট বসিয়ে বিভিন্ন যানবাহনে তল্লাশি করে পুলিশ। দুপুর ১২টার দিকে চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকাগামী একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ৫১৭ বোতল আমদানি নিষিদ্ধ ভারতীয় ফেনসিডিলসহ রেজাউল করিম ও সাকির আলীকে গ্রেপ্তার করে যমুনা সেতু পশ্চিম থানা পুলিশ।

শরীফুল ইসলাম ইন্না, সিরাজগঞ্জ